ডাকসু প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার ও শিক্ষার্থীদের পরিবেশ নিশ্চিত করতে ডাকসুর একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে উদ্বাস্তু পুনর্বাসন ও নারী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
প্রকাশ: · আপডেট: ২৬ আগস্ট ২০২৬, রাত ৭:১২· ১ মিনিট পড়া

১৯ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, উদ্বাস্তু পুনর্বাসন ও শিক্ষার্থীদের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর একটি প্রতিনিধিদল সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
উক্ত বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে ছিলেন এ জেড এম জাহিদ হোসেন, আসিফ আব্দুল্লাহ, মো. মাজহারুল ইসলাম, সর্ব মিত্র চাকমা এবং আনাস ইবনে মুনির।
আলোচনাসভায় উদ্বাস্তু ও আশ্রয়হীন ব্যক্তিদের বিষয়ে নজরদারির জন্য একটি অ্যাকটিভ মনিটরিং টিম গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্যাম্পাসের ভেতর ও আশপাশের এলাকায় যাতে কোনো ধরনের জনদুর্ভোগ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে এই টিম কাজ করবে বলে বিবেচনা করা হয়।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক শহীদ মিনার এবং সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে এসব এলাকার বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে উভয়পক্ষের মধ্যে মতবিনিময় হয়।
এ ছাড়া বৈঠকে নারী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। নারী শিক্ষার্থীদের আধুনিক কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI), ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনে বিশেষ প্রশিক্ষণের প্রস্তাব উত্থাপন করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই বৈঠকের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার্থীদের অনুকূল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নারী শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।








