১৭ ঘণ্টা পর ওজোপাডিকোর প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যা সমাধান
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) প্রি-পেইড মিটারের রিচার্জ জটিলতার অবসান ঘটেছে। প্রায় ১৭ ঘণ্টা পর গত ১৫ সেপ্টেম্বর সকালে সিস্টেম পুনরুদ্ধার করা হয়।
প্রকাশ: · আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২১· ১ মিনিট পড়া

গ্রাহকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের বিদ্যুৎ খাতের অন্যতম বিতরণকারী সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড মিটারে রিচার্জ করার জটিলতা বা সমস্যার সমাধান হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে গ্রাহকরা যে ভোগান্তিতে পড়েছিলেন, তা থেকে এখন মুক্তি মিলেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ওজোপাডিকোর প্রি-পেইড ডেটাবেজ সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই কারিগরি ত্রুটির ফলে পুরো সিস্টেমে স্থবিরতা দেখা দেয় এবং গ্রাহকরা তাদের প্রি-পেইড মিটারে রিচার্জ করতে গিয়ে চরম বিপাকে পড়েন।
সার্ভারের এই যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য ওজোপাডিকো ও বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট প্রযুক্তি টিম তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টা ও নিরবচ্ছিন্ন কাজের পর অবশেষে প্রায় ১৭ ঘণ্টা পর এই জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হয় কতৃপক্ষ।
পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর সকাল ৬টা ১০ মিনিটে ওজোপাডিকোর প্রি-পেইড সিস্টেম সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হয়। সিস্টেম সচল হওয়ার সঙ্গে সঙ্গেই মিটারে রিচার্জ সংক্রান্ত জটিলতার অবসান ঘটে এবং স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।
সার্ভার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর দীর্ঘ ১৭ ঘণ্টা গ্রাহকদের রিচার্জ সেবা ব্যাহত হলেও, ১৫ সেপ্টেম্বর সকালে তা ঠিক হওয়ার পর এখন স্বস্তি ফিরেছে। ওজোপাডিকো ও বিদ্যুৎ বিভাগের দ্রুত পদক্ষেপে এই সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।








