চশমা পরিষ্কার করার সঠিক নিয়ম ও সাধারণ কিছু ভুল
চশমা পরিষ্কারের সময় অনেকেই শার্ট, টি-শার্ট কিংবা টিস্যু ব্যবহার করেন যা লেন্সের ক্ষতি করতে পারে। সঠিক নিয়মে চশমা পরিষ্কারের উপায় সম্পর্কে জেনে নিন বিস্তারিত।
প্রকাশ: · আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৪৭· ১ মিনিট পড়া

দৈনন্দিন জীবনে চশমা আমাদের দৃষ্টিকে পরিষ্কার রাখতে সাহায্য করলেও এর সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। অনেকেই না জেনে চশমা পরিষ্কার করার সময় এমন কিছু সাধারণ ভুল করে থাকেন, যা লেন্সের স্থায়ী ক্ষতি করতে পারে। এই লাইফস্টাইল টিপসে চশমা পরিষ্কারের সঠিক উপায় এবং এ সম্পর্কিত ভুলগুলো তুলে ধরা হয়েছে।
চশমা পরিষ্কারের ক্ষেত্রে সবচেয়ে কমন যে ভুলটি করা হয়, তা হলো পরিধান করা পোশাকের ব্যবহার। শার্ট, টি-শার্ট, ব্লাউজ বা অন্য কোনো পোশাক দিয়ে চশমা মুছলে কাপড়ে লেগে থাকা ধুলার কণা লেন্সের উপর ঘষা খেতে থাকে। এর ফলে লেন্সে সূক্ষ্ম আঁচড় তৈরি হয়, যা দৃষ্টিশক্তিকে অস্বস্তিকর করে তোলে।
পোশাকের পাশাপাশি অনেকেই কাগজ জাতীয় জিনিস দিয়ে চশমা পরিষ্কারের অভ্যাস রাখেন। কিন্তু টিস্যু, ন্যাপকিন, কাগজের তোয়ালে কিংবা টয়লেট পেপার দিয়ে লেন্স পরিষ্কার করা কোনো ভালো অভ্যাস নয়। এগুলোতে থাকা শক্ত ফাইবার বা উপাদান লেন্সের প্রলেপ বা কোটিং নষ্ট করতে পারে এবং আঁচড় ফেলতে পারে।
লেন্স পরিষ্কারের ক্ষেত্রে রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা প্রয়োজন। বাড়ির জানালা বা কাচ পরিষ্কারের জন্য বাজারে যেসব ক্লিনার পাওয়া যায়, তা কোনোভাবেই চশমার লেন্সে দেওয়া উচিত নয়। এ ছাড়া অ্যামোনিয়া বা ব্লিচযুক্ত উপাদানও চশমার জন্য অত্যন্ত ক্ষতিকর।
তাহলে চশমা পরিষ্কার করার সঠিক উপায় কী? বিশেষজ্ঞরা বলছেন, চশমা পরিষ্কার করার জন্য প্রথমে পরিষ্কার পানি দিয়ে লেন্স ভালো করে ধুয়ে নিতে হবে। প্রয়োজনে উপযুক্ত ক্লিনিং সলিউশন ব্যবহার করা যেতে পারে।
পানি বা সলিউশন ব্যবহারের পর লেন্স মোছার জন্য কেবল মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা উচিত। এই কাপড় দিয়ে চশমা অত্যন্ত আলতোভাবে মুছতে হবে, যাতে লেন্স সম্পূর্ণ নিরাপদ থাকে এবং দীর্ঘস্থায়ী হয়।








