নেট ফেব্রিক আমদানিতে নিষেধাজ্ঞা বাতিলের দাবি বিজিএমই ও বিকেএমইএর
নতুন আমদানি নীতিমালায় নেট ফেব্রিক আমদানিতে নিষেধাজ্ঞা জারির বিধান বাতিলের দাবি জানিয়েছে পোশাক খাতের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। গত ১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো পৃথক চিঠিতে এই দাবি জানান সংগঠন দুটির নেতারা।
প্রকাশ: · আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৭:৪৬· ১ মিনিট পড়া

নতুন আমদানি নীতিমালায় নেট ফেব্রিক আমদানির ওপর নিষিদ্ধকরণের যে বিধান রাখা হয়েছে, তা সম্পূর্ণ বাতিল অথবা স্থগিত করার দাবি জানিয়েছে দেশের পোশাক খাতের দুই শীর্ষ সংগঠন—বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। গত ১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে পাঠানো পৃথক চিঠিতে এই জোরালো দাবি জানানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, আমদানি নীতি অর্ডার ২০২৬-২০২৯-এর অনুচ্ছেদ ২৫-এর উপধারা ১২-এর অধীনে নেট ফেব্রিক আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের এই বিধান যুক্ত করা হয়েছে। দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের সুরক্ষার স্বার্থেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছেন উদ্যোক্তারা।
চিঠিতে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এ কারণে পণ্যে বৈচিত্র্য আনতে হয়। নির্ধারিত মান, ডিজাইন বজায় রাখা ও দ্রুত সরবরাহ নিশ্চিত করার প্রয়োজন হয়। এসব কারণে অনেক ক্ষেত্রে বিদেশ থেকে নির্দিষ্ট ধরনের কাপড় সংগ্রহ করতে হয়। এ ধরনের আমদানির সুযোগ সীমিত হলে রপ্তানিমুখী পোশাকশিল্পের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা আছে।
একই বিষয়ে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম তাঁর বক্তব্যে বলেন, বিদেশি ক্রেতাদের নির্দিষ্ট চাহিদা, নির্ধারিত মান ও ডিজাইনের পণ্য উৎপাদনের জন্য অনেক ক্ষেত্রে বিদেশ থেকে ফেব্রিক আমদানি প্রয়োজন হয়। বিশেষ করে গ্যাস–সংকটসহ বিভিন্ন কারণে দেশের অনেক রপ্তানিমুখী কারখানা উৎপাদনে সমস্যার মুখে আছে।
পোশাক খাতের উদ্যোক্তারা মনে করেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে এবং আন্তর্জাতিক ক্রেতাদের সময়মতো পণ্য সরবরাহ করতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে কোনো ধরনের কঠোর বা অযৌক্তিক সীমাবদ্ধতা থাকা উচিত নয়। বিশেষ করে চট্টগ্রাম বন্দরসহ দেশের অন্যান্য বন্দর দিয়ে আমদানি প্রক্রিয়া সহজ না রাখলে সামগ্রিক রপ্তানি বাণিজ্য ধাক্কা খেতে পারে।
এমতাবস্থায়, পোশাকশিল্পের ধারাবাহিকতা রক্ষা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ধারা অব্যাহত রাখতে আমদানি নীতি অর্ডার ২০২৬-২০২৯-এর সংশ্লিষ্ট উপধারায় উল্লেখিত নেট ফেব্রিক আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার বা স্থগিত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানিয়েছে বিজিএমইএ এবং বিকেএমইএ।








