যুক্তরাষ্ট্রে এসইউএএস প্রতিযোগিতায় ইউআইইউর চতুর্থ স্থান
যুক্তরাষ্ট্রের ওকলাহোমাতে অনুষ্ঠিত এসইউএএস ২০২৬ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এরিয়াল রোবোটিকস টিম (ইউএআরটি)। এটি এসইউএএস প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো দলের প্রথম পোডিয়াম অর্জন।
প্রকাশ: · ১ মিনিট পড়া

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় স্কাইওয়ে রেঞ্জে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিকস টিম (ইউএআরটি) মর্যাদাপূর্ণ স্টুডেন্ট আনম্যনড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করার কৃতিত্ব দেখিয়েছে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সাফল্য অর্জন করে ইউআইইউর দলটি।
১৪ থেকে ১৭ সেপ্টেম্বর চার দিনব্যাপী এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব যুক্তরাষ্ট্রের ওকলাহোমার টালসায় অনুষ্ঠিত হয়। এসইউএএস প্রতিযোগিতায় এটিই প্রথমবার, যেখানে বাংলাদেশের কোনো দল পোডিয়ামে স্থান করে নেওয়ার গৌরব অর্জন করল। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রযুক্তি ও প্রকৌশল খাতের সক্ষমতা নতুন করে প্রশংসিত হলো।
এবারের এসইউএএস প্রতিযোগিতায় বিশ্বজুড়ে অংশগ্রহণকারী ৮১টি দল প্রাথমিক পর্বে অংশ নেয়। কঠোর বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ৬৭টি দল নির্বাচিত হয়। চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলগুলোর মধ্যে পরবর্তীতে ৬৪টি দল ফ্লাইট রেডিনেস অনুমোদন লাভ করে। এর মধ্যে ৫টি দল ফ্লাইট পরিচালনা না করায় শেষ পর্যন্ত ৫৮টি দল ফ্লাইট পরিচালনা করে। তুমুল প্রতিযোগিতাপূর্ণ এই পর্বে ২১টি দল ক্র্যাশের শিকার হয়, যা প্রতিযোগিতার কঠিন বাস্তবতাকে ফুটিয়ে তোলে।
এত বড় চ্যালেঞ্জিং পরিবেশের মধ্যেও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিকস টিম (ইউএআরটি) অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিযোগিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ সেফটি ইন্সপেকশন বা নিরাপত্তা পরিদর্শনে কোনো ভুল না করে দলটি পূর্ণ নম্বর অর্জন করে। পাশাপাশি র্যাপিড রেসপন্স বা দ্রুত প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রেও দলটি পূর্ণ নম্বর নিশ্চিত করতে সক্ষম হয়।
এবারের প্রতিযোগিতায় ইউআইইউর ইউএআরটি দলের সঙ্গে বিশ্বের নামী-দামী বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে কর্নেল ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড এবং ওয়ারশ ইউনিভার্সিটি অব টেকনোলজি। এসব বিশ্বমানের প্রতিষ্ঠানের সঙ্গে লড়ে চতুর্থ স্থান অর্জন করায় দেশের জন্য এক অনন্য মাইলফলক রচিত হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে এই ঐতিহাসিক সাফল্যের পর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিকস টিম (ইউএআরটি) দেশের প্রযুক্তিপ্রেমী ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। এই অর্জন ভবিষ্যতে বাংলাদেশের তরুণ প্রকৌশলী ও গবেষকদের আরও বড় পরিসরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে এবং দেশের নাম উজ্জ্বল করতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








