তারেক রহমানের নতুন রাজনীতিতে কেউ উন্নয়নের বাইরে থাকবে না: আমির খসরু
দেশের প্রতিটি মানুষের কাছে অর্থনৈতিক উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।
ঢাকাপ্রকাশ: · আপডেট: ১৫ আগস্ট ২০২৬, বিকেল ৫:১৮· ১ মিনিট পড়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন রাজনৈতিক চিন্তাধারায় দেশের সব শ্রেণি-পেশার মানুষ উন্নয়নের সুফল পাবেন বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পুনর্বাসনের ঘর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, নতুন রাজনৈতিক চিন্তায় দেশের যুবসমাজ, নারী, শিশু, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও পেশাজীবীদের গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের নীতিতে কোনো শ্রেণি-পেশার মানুষকে বাদ রাখা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষিকার্ড চালুর উদ্যোগ রয়েছে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় কমিয়ে সাধারণ মানুষের জন্য সেবা সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি মানুষের কাছে অর্থনৈতিক উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। বাঁশখালীর সম্ভাবনাগুলোও কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন এগিয়ে নেওয়া হবে বলে তিনি জানান।








