ঢাবির অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। ২৪ আগস্ট শুরু হওয়া এই প্রদর্শনীতে ৭২ জন শিক্ষার্থীর শিল্পকর্ম স্থান পেয়েছে এবং ১৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
প্রকাশ: · আপডেট: ২৬ আগস্ট ২০২৬, রাত ৭:১৩· ১ মিনিট পড়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী গত ২৪ আগস্ট চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ঐতিহ্যবাহী এই আয়োজনের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীল কাজের পরিসর জনসমক্ষে উন্মুক্ত করা হয়েছে।
এবারের প্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের মোট ৭২ জন শিক্ষার্থীর শিল্পকর্ম স্থান পেয়েছে। তরুণ শিল্পীদের এসব শিল্পকর্মে তাদের মেধা, মনন ও নান্দনিক ভাবনার প্রতিফলন ঘটেছে।
উৎসবমুখর এই আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৩ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কৃত হওয়া শিক্ষার্থীরা হলেন—ময়নুল আবেদিন, রাকিন নাওয়ার, ঝলক সাহা, সৈকত কুমার মিস্ত্রী, নিহা রানী দাস, মোছা. মোমেনুন নেছা সুরমা, অভিজিৎ চন্দ্র দে, তাসনিম তারেক তূর্ণা, মো. ফাহিম চৌধুরী, আল-ফুরকান নয়ন, নৈঋতা পাল কৃষ্ণা, মং সোনাই রাখাইন, দেবাজ্যোতি বর্ষণ, শাশ্বত মজুমদার কাব্য এবং প্রিয়াস দাস।
প্রদর্শনী উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকবাল আলী এবং অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুস সালাম বলেন, চারুকলার অনেক শিক্ষক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। বর্ষবরণসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে দেশের ঐতিহ্য সংরক্ষণে চারুকলা অনুষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
গণতান্ত্রিক আন্দোলনে চারুকলার অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে চারুকলা অনুষদ অনন্য ভূমিকা রেখেছে। এ ছাড়া শিক্ষার্থীদের কাজের প্রশংসা করে তিনি বলেন, প্রতিবছর এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও উদ্যমী ও পরিশ্রমী করে তোলে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ আগস্ট থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য শিল্পকর্ম প্রদর্শনী আগামী ৩০ আগস্ট পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।








