RO ফিল্টারের পানি অপচয় রোধে দেশব্যাপী উদ্যোগ, শুরু ‘প্রজেক্ট H2O’ সিজন-৩
বাংলাদেশ জুড়ে পানিসম্পদ সংরক্ষণে নতুন অধ্যায় সূচনা করতে জেসিআই সাসটেইনেবিলিটি উইকে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট-এর "প্রজেক্ট H2O (সিজন ৩)"-এর শুভ উদ্বোধন
ঢাকাপ্রকাশ: · আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৩:৪৬· ২ মিনিট পড়া

পানির অপচয় কমিয়ে এর পুনর্ব্যবহার বাড়াতে নতুন সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে জেসিআই ঢাকা ইমপ্যাক্ট। জেসিআই সাসটেইনেবিলিটি উইক উপলক্ষে সংগঠনটির ‘দ্য কনশাস কালেকশন’-এর অংশ হিসেবে ‘প্রজেক্ট H2O (সিজন ৩)’ চালু করা হয়েছে।
উদ্যোগটির মূল লক্ষ্য হলো রিভার্স অসমোসিস (RO) ফিল্টার ব্যবহারের সময় তৈরি হওয়া সেকেন্ডারি পানির যথাযথ ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করা। পাশাপাশি এই পানি নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করে দৈনন্দিন জীবনে এর নিরাপদ ও কার্যকর পুনর্ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেসিআই ঢাকা ইমপ্যাক্টের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্রায় ১৬ থেকে ২০ লাখ পরিবার সুপেয় পানির জন্য RO প্রযুক্তি ব্যবহার করে। এসব পরিবার থেকে প্রতিদিন বিপুল পরিমাণ সেকেন্ডারি পানি তৈরি হয়, যার বড় একটি অংশ সাধারণত অপচয় হয়ে যায়।
‘প্রজেক্ট H2O (সিজন ৩)’-এর মাধ্যমে এই পানিকে সম্পদের পরিবর্তে অপচয় হিসেবে না দেখে পুনর্ব্যবহারযোগ্য পানি বা ‘রিক্লেমড ওয়াটার’ হিসেবে ব্যবহারের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কার্যক্রমের আওতায় সাত দিনের একটি ডিজিটাল ক্যাম্পেইন এবং বিশেষ পডকাস্ট পর্বের মাধ্যমে ঘরোয়া পর্যায়ে পানি পুনর্ব্যবহারের বিভিন্ন বাস্তবসম্মত পদ্ধতি তুলে ধরা হচ্ছে। এর মধ্যে ঘর মোছা, টয়লেট ফ্লাশ, থালাবাসন ভিজিয়ে রাখা এবং গাছের পরিচর্যায় এই পানি ব্যবহারের মতো বিষয় রয়েছে।
শুধু গৃহস্থালি পর্যায়েই নয়, শিল্প খাতেও পানি সাশ্রয়ের সম্ভাবনার কথা তুলে ধরা হচ্ছে উদ্যোগটিতে। বিশেষ করে বাংলাদেশের টেক্সটাইল ওয়েট-প্রসেসিং খাতে আধুনিক পানি পুনরুদ্ধার ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে প্রতিদিন প্রায় ১২ কোটি ৩০ লাখ লিটার পানি সাশ্রয়ের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।
জেসিআই ঢাকা ইমপ্যাক্টের এক প্রতিনিধি বলেন, টেকসই উন্নয়নের অর্থ প্রযুক্তি থেকে দূরে সরে যাওয়া নয়; বরং প্রযুক্তির মাধ্যমে বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ও পুনর্ব্যবহার নিশ্চিত করা। ছোট ছোট ব্যক্তিগত অভ্যাসকে সম্মিলিত উদ্যোগে রূপান্তরের মাধ্যমে পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব তৈরি করাই তাদের লক্ষ্য।
জেসিআই ঢাকা ইমপ্যাক্ট জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI)-এর একটি স্থানীয় চ্যাপ্টার। তরুণদের নেতৃত্বে সামাজিক ও টেকসই উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন তৈরিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
‘প্রজেক্ট H2O (সিজন ৩)’-এর মাধ্যমে আধুনিক পানি পরিশোধন প্রযুক্তির পাশাপাশি সচেতন ও দায়িত্বশীল ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।








