রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতির কড়া নির্দেশ
রাজবাড়ীর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসকদের যথাসময়ে উপস্থিতি ও দায়িত্ব পালন নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। নিয়ম না মানলে শোকজ করা হবে বলে জানানো হয়েছে।
প্রকাশ: · ১ মিনিট পড়া

রাজবাড়ীর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি এবং নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালন নিশ্চিত করতে কড়া নির্দেশনা ও শোকজ বিধান জারি করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর রাজবাড়ীর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কঠোর নির্দেশনা প্রদান করা হয়। ১৯ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন এই নির্দেশনা অনুযায়ী, রাজবাড়ীর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের সব কনসালটেন্ট, মেডিকেল অফিসার, সহকারী সার্জন এবং ইমার্জেন্সি মেডিকেল অফিসারদের প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা যেন কর্মস্থলে অনিয়ম না করেন এবং নির্ধারিত সময় পর্যন্ত রোগীদের সেবা দেন, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনায় চিকিৎসকদের কর্মস্থলে সময়মতো আসা এবং যাওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, কোনো চিকিৎসক যদি পরপর তিনদিন সময়মতো কর্মস্থলে আসা-যাওয়া না করেন, তবে তার বিরুদ্ধে বিভাগীয় নিয়ম অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দেওয়া হবে।
এ বিষয়ে রাজবাড়ীর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, 'চিকিৎসকদের সময়মতো হাসপাতালে উপস্থিত না হওয়ার কারণে গত কয়েক মাস আগে আমি একটি নোটিশ স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রদান করার পর বর্তমানে আমার হাসপাতালের চিকিৎসকরা সময়মতো হাসপাতালে আসার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।'








