দক্ষিণ কোরিয়ায় সরকারি চাকরির সাক্ষাৎকারে ড্রেসকোড শিথিল
দক্ষিণ কোরিয়া সরকারি চাকরির সাক্ষাৎকারে প্রচলিত আনুষ্ঠানিক পোশাকের বাধ্যবাধকতা থেকে সরে আসছে। আগামী অক্টোবর থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। এর ফলে প্রার্থীরা জিনস ও স্নিকার্স পরতে পারবেন।
প্রকাশ: · ১ মিনিট পড়া

দক্ষিণ কোরিয়া সরকারি চাকরির সাক্ষাৎকারে প্রচলিত আনুষ্ঠানিক পোশাকের বাধ্যবাধকতা থেকে সরে আসছে। এর অংশ হিসেবে দেশের জাতীয় সরকারি চাকরির সাক্ষাৎকারে অংশগ্রহণকারী প্রার্থীরা এখন থেকে জিনস, স্নিকার্সসহ অপেক্ষাকৃত সাধারণ পোশাক পরতে পারবেন।
এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার জনবল ব্যবস্থাপনা মন্ত্রণালয় গত ১১ সেপ্টেম্বর সাক্ষাৎকারের পোশাকসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে। এতদিন ধরে সরকারি চাকরির সাক্ষাৎকারে যেসব কঠোর পোশাকের নিয়ম মানতে হতো, তা এখন শিথিল করা হচ্ছে।
প্রকাশিত নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী অক্টোবর থেকেই এই পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে। অর্থাৎ আসন্ন চাকরির সাক্ষাৎকারগুলোতে প্রার্থীরা এই সুবিধার আওতায় সাধারণ ও আরামদায়ক পোশাক পরে অংশ নিতে পারবেন।
তবে নতুন এই নিয়মে কিছু নির্দিষ্ট কড়াকড়িও রাখা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, চাকরির সাক্ষাৎকারে টাই এবং আনুষ্ঠানিক ড্রেস ও শু পরা সরাসরি নিষিদ্ধ করা হয়েছে।
প্রচলিত কঠোর ড্রেসকোডের পরিবর্তে এই ধরনের পরিবর্তনের ফলে চাকরিপ্রার্থীরা সাক্ষাৎকারের সময় কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার জনবল ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এই পদক্ষেপে প্রশাসনিক সংস্কৃতিতে আধুনিকায়নের ছোঁয়া লাগবে।








