চটগ্রাম নগরে অভিযানে দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২৪ আগস্ট চট্টগ্রামে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই ভিন্ন প্রতিষ্ঠানে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রকাশ: · আপডেট: ২৬ আগস্ট ২০২৬, রাত ৭:১৩· ১ মিনিট পড়া

২৪ আগস্ট চট্টগ্রাম নগরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অনিয়ম ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুটি ভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরবাসীর শৃঙ্খলিত ও নিরাপদ জীবনযাত্র নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়।
২৪ আগস্ট চট্টগ্রাম নগরের চেরাগি মোড়ের ‘চেরাগি রেস্তোরাঁ’য় একটি অভিযান পরিচালিত হয়। এই অভিযানে রেস্তোরাঁটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ এবং রান্নাঘরে নোংরার স্তূপ পাওয়ার কারণে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তিনি বলেন, এর আগেও তিনবার এই হোটেল মালিককে জরিমানা করা হয়েছিল। কিন্তু বারবার সতর্ক করার পরও তারা শোধরায়নি। চরম অবহেলার কারণে পুরো রান্নাঘরে নোংরার স্তূপ জমে গেছে। মানুষের জন্য প্রস্তুত করা খাবার এত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে, চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় মহাসড়কে নির্মাণসামগ্রী রেখে চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে অপর একটি অভিযান পরিচালিত হয়। এই অপরাধের দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
হালিশহরের এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী। তিনি বলেন, সড়ক ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। নগরবাসীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের পথ সুগম রাখতে এবং শৃঙ্খলায় ফেরাতে এমন অভিযান অব্যাহত থাকবে।








