খুলনা বন্ধুসভার উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে খুলনায় বন্ধুসভার আয়োজনে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ভৈরব ওয়ারিয়র্সকে পরাজিত করে রূপসা রাইডার্স জয়লাভ করে।
প্রকাশ: · আপডেট: ২৬ আগস্ট ২০২৬, রাত ৭:১২· ১ মিনিট পড়া

আন্তর্জাতিক যুব দিবস উদযাপনের অংশ হিসেবে খুলনা বন্ধুসভার উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। তরুণদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দিতে এবং খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।
১৪ আগস্ট বিকেলে নগরীর ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। আয়োজিত এই ম্যাচে স্থানীয় তরুণ ও যুবকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা পুরো মাঠের পরিবেশকে মুখরিত করে তোলে।
ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি দল—ভৈরব ওয়ারিয়র্স ও রূপসা রাইডার্স। উভয় দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে খেলাটি অত্যন্ত জমে ওঠে এবং মাঠে উপস্থিত দর্শকেরা দারুণ উপভোগ করেন।
নির্ধারিত সময়ে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে রূপসা রাইডার্স দল। তারা দুর্দান্ত ক্রীড়াশৈলী ও আক্রমণাত্মক খেলার মাধ্যমে ৮-৩ গোলে ভৈরব ওয়ারিয়র্সকে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে।
ম্যাচ চলাকালীন চমৎকার পারফরম্যান্সের সুবাদে দ্বীপ মণ্ডল ম্যাচসেরা নির্বাচিত হন। তাঁর এই অনবদ্য নৈপুণ্য দলীয় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং আয়োজকদের পক্ষ থেকেও তাঁকে স্বীকৃতি জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে হাফিজুর রহমান বলেন, 'খেলাধুলা আমাদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। যুব দিবসে এমন আয়োজন তরুণদের সুস্থ, সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।'
উক্ত প্রীতি ফুটবল ম্যাচে খুলনা বন্ধুসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সুদীপ্ত, ইমন, অলোক বৈদ্য, দ্বীপ মণ্ডল, এম এম মাসুম বিল্লাহ, হাফিজুর রহমান, কৌশল কুমার বর্মণ, উত্তম মণ্ডল, আসফিক আহমাদ সিদ্দিকী, ফারজানা যুথি, এম এম মাসুম বিল্যাহ, গৌতম রায়, তুহিন বাওলিয়া, অনির্বাণ সরকার, আবু হানিফা, সুদীপ্ত রায় এবং অভিজিৎ মণ্ডল। এই আয়োজনের মধ্য দিয়ে খুলনার যুবসমাজ এক আনন্দঘন সময় অতিবাহিত করে।








