রোমে কারিগরি ত্রুটিতে আটকা বিমানের ফ্লাইট, যাত্রীদের হোটেলে রাখার ব্যবস্থা
রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG306 ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। ত্রুটি নিরসন ও নিরাপত্তা পরীক্ষা শেষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়বে।
ঢাকাপ্রকাশ: · ১ মিনিট পড়া

ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা বিলম্বিত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
শুক্রবার (৭ আগস্ট) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানাচ্ছে, BG306 (টরন্টো–রোম–ঢাকা) ফ্লাইট পরিচালনার সময় ইতালির রোম ফিউমিচিনো (FCO) বিমানবন্দরে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়।
যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এবং ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি সম্পূর্ণভাবে ঠিক করার পর প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষ হলেই ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
বিমান জানিয়েছে, একই উড়োজাহাজ দিয়ে পরিচালিত হওয়ায় ঢাকা–রোম–টরন্টো রুটের BG305 ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে।
এদিকে রোমে অবস্থানরত BG306 ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞপ্তি অনুযায়ী, BG305 ফ্লাইটের নতুন প্রস্থানের সময় শনিবার (৮ আগস্ট) দুপুর ১টা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট যাত্রীদের ওই দিন সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে বলা হয়েছে।
অন্যদিকে BG306 ফ্লাইটের পরবর্তী সময়সূচি যথাসময়ে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রয়োজনে যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হটলাইন ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত এ বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বিমান কর্তৃপক্ষ বলেছে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।







