রামুতে বাফুফে টেকনিক্যাল সেন্টারের জন্য জমি হস্তান্তর চুক্তি
বাফুফে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য কক্সবাজারের রামুতে প্রতীকী মূল্যে ১৫.২০ একর জমি হস্তান্তর চুক্তি সোমবার স্বাক্ষরিত হচ্ছে। আট কোটি টাকার এই জমি মাত্র এক লাখ এক টাকায় পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
প্রকাশ: · আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:২১· ১ মিনিট পড়া

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য কক্সবাজারের রামুতে প্রতীকী মূল্যে ১৫.২০ একর জমি হস্তান্তর চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে। সোমবার কক্সবাজারে স্থানীয় জেলা প্রশাসক ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জায়গা হস্তান্তর নিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করবেন।
কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় বাফুফেকে মোট ১৫.২০ একর জমি দেওয়া হচ্ছে। এই জমির লিজের মেয়াদ হচ্ছে ৩০ বছর, এবং পরবর্তীতে তা বেড়ে ৯৯ বছর পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে।
আট কোটি টাকার জমি মাত্র এক লাখ এক টাকায় পেয়েছে বাফুফে। এই বিষয়ে ওয়াহিদউদ্দীন চৌধুরী জানিয়েছেন, ভূমি মন্ত্রণালয় থেকে আট কোটি টাকার বেশি চাওয়া হলে তারা তা বিনা মূল্যে বাফুফেকে দেওয়ার জন্য আবেদন জানান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সরকার বিশেষ বিবেচনায় প্রতীকী মূল্য এক লাখ এক টাকায় এটি অনুমোদন করেছে এবং সেই টাকা জমাও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে কাজী সালাহউদ্দিনের সময়ে রামুর খুনিয়াপালংয়ের সংরক্ষিত বনাঞ্চলে জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে পরিবেশবাদীদের আপত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের সেপ্টেম্বরে সেই বরাদ্দ বাতিল করে দেয়।
নতুন এই টেকনিক্যাল সেন্টারে আন্তর্জাতিক মানের তিনটি ফুটবল মাঠ নির্মিত হবে। এ ছাড়া এই প্রকল্পের আওতায় থাকবে দুটি চারতলা ডরমিটরি, জিমনেসিয়াম, সুইমিংপুল, আধুনিক চিকিৎসা ও পুনর্বাসন–সুবিধা, ক্যানটিন এবং কনফারেন্স কক্ষ।
এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য ফিফার কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া যাচ্ছে। ফিফার কাছ থেকে দুই কিস্তিতে মোট ৬৫ কোটির টাকার মতো পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে।








