পাকিস্তান দলের কোচিং নিয়ে ভয়ের কথা জানালেন মুশতাক আহমেদ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের অস্থিতিশীল সিদ্ধান্ত ও চাকরির অনিশ্চয়তার কারণে দেশটির জাতীয় দলকে কোচিং করাতে ভয় ও দ্বিধার কথা জানিয়েছেন মুশতাক আহমেদ। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই শঙ্কার কথা জানান।
প্রকাশ: · ১ মিনিট পড়া

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অস্থিতিশীল সিদ্ধান্ত এবং চাকরির নিরাপত্তার অভাবের কারণে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলকে কোচিং করানোর ক্ষেত্রে নিজের ভয় ও দ্বিধার কথা প্রকাশ করেছেন মুশতাক আহমেদ। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পিসিবির নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন।
বর্তমান প্রেক্ষাপটে দেশের ক্রিকেটের সেবা করার ইচ্ছার কথা জানিয়ে মুশতাক আহমেদ বলেন, 'অবশ্যই আমি আবার দেশের জন্য কাজ করতে চাই। বিশেষ করে এই সময়ে।' তবে একই সঙ্গে বোর্ডের কার্যপদ্ধতি নিয়ে নিজের শঙ্কার কথাও জানান তিনি।
পিসিবির সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে মুশতাক আহমেদ বলেন, 'কখনও কখনও নিজের দেশের হয়ে কাজ করতেও ভয় লাগে, যখন দেখবেন মানুষ আপনাকে সম্মান করছে না এবং এদিক-ওদিকের কিছু আবেগতাড়িত সিদ্ধান্তের কারণে আপনাকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে।'
পাকিস্তান ক্রিকেট বোর্ডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো ও অনিশ্চয়তার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, 'একটি সফরের মাঝখানে মানুষকে বরখাস্ত হতে দেখলে আপনি স্বাভাবিকভাবেই চিন্তিত ও ভীত হয়ে পড়বেন।'
সফরের মাঝপথে কোচ ও খেলোয়াড়দের সরিয়ে দেওয়ার ঘটনার সমালোচনা করে মুশতাক আহমেদ উল্লেখ করেন যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ইংল্যান্ড সফরের মাঝপথে কোচ সরফরাজ আহমেদ ও উমর গুলকে সরিয়ে দেয় এবং সাতজন খেলোয়াড়কে দেশে ফেরত পাঠায়।
সাবেক ও অভিজ্ঞ ক্রিকেটারদের প্রতি সম্মান প্রদর্শনের ওপর জোর দিয়ে তিনি বলেন, 'সরফরাজ ও উমর গুল খুবই অভিজ্ঞ ক্রিকেটার। তারা পাকিস্তান ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। সারফরাজ তো দলের অধিনায়কও ছিল।'
বোর্ডের প্রতি সুনির্দিষ্ট পরামর্শ দিয়ে মুশতাক আহমেদ আরও বলেন, 'যদি তাদের সরাতেই চান, তাহলে অবশ্যই সফর শেষ হওয়ার পর সেটা করা উচিত। এই সময়ে শান্ত থাকা দরকার, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।'
উল্লেখ্য, মুশতাক আহমেদ বর্তমানে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত এবং ২০২০ সালে পাকিস্তান দলের সঙ্গে কাজ করেছেন। পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা এই কোচ দেশটির বোর্ডের সাম্প্রতিক কর্মকা- ও সিদ্ধান্তহীনতার কারণেই মূলত জাতীয় দলের দায়িত্ব নিতে ভয়ের কথা প্রকাশ করেছেন।








