ইবি সায়েন্স ক্লাবের ওয়েবসাইট ও পেমেন্ট সিস্টেমের উদ্বোধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম সংগঠন হিসেবে সায়েন্স ক্লাব নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট ও অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করেছে। ৯ সেপ্টেম্বর উপাচার্যের কার্যালয়ে এটি উদ্বোধন করা হয়।
প্রকাশ: · আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪৬· ১ মিনিট পড়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কোনো সংগঠন হিসেবে নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট ও নিবন্ধিত অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব। গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইট ও অনলাইন পেমেন্ট সিস্টেমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবসাইটটি উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. কে. এম. মতিনুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষকদের মধ্যে ছিলেন অধ্যাপক মো. শাহজাহান আলী, অধ্যাপক মো. মিনহাজ উল হক, জুনাইদুল মোস্তফা এবং সারওয়ার হোসেন সাকিব। তাদের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই নতুন ডিজিটাল কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এ. কে. এম. মতিনুর রহমান বলেন, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল, স্বচ্ছ ও সহজলভ্য করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সহযোগিতা মূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জাপানের সঙ্গে ‘২+২’ শিক্ষা কার্যক্রম, চীনের সঙ্গে একাডেমিক সহযোগিতা এবং ব্র্যাকের সঙ্গে ‘ক্যারিয়ার হাব’ প্রতিষ্ঠার উদ্যোগ।
উপাচার্য আশা প্রকাশ করেন যে, এই ধরনের যুগোপযোগী উদ্যোগগুলো শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিশেষ সহায়তা প্রদান করবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবে।








