হাঙ্গেরিতে কবর খোঁড়ার অদ্ভুত প্রতিযোগিতা অনুষ্ঠিত
হাঙ্গেরির উত্তরাঞ্চলের একটি পাবলিক কবরস্থানে কবর খোঁড়ার ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে দুই সদস্যবিশিষ্ট ১৯টি দল অংশ নেয় এবং নির্দিষ্ট মাপে কবর খুঁড়ে বিজয়ী হয় রবার্ট নাগি ও লাসলো কিশ।
প্রকাশ: · ১ মিনিট পড়া

হাঙ্গেরিতে কবর খোঁড়ার এক অদ্ভুত ও ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দেশটির উত্তরাঞ্চলের নিয়েরশেউইফালু পাবলিক কবরস্থানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। হাঙ্গেরিয়ান অ্যাসোসিয়েশন অব সেমেটারি মেইনটেইনার্স অ্যান্ড অপারেটরস এই প্রতিযোগিতার আয়োজন করে।
এই প্রতিযোগিতায় মোট ৩৮ জন প্রতিযোগী অংশ নেন। তাদের নিয়ে দুই সদস্যবিশিষ্ট মোট ১৯টি দল গঠিত হয়েছিল। প্রতিযোগীদের মূল কাজ ছিল কোদাল ও শাবল ব্যবহার করে নির্দিষ্ট মাপে কবর খুঁড়ে প্রস্তুত করা।
নির্ধারিত কবরগুলোর পরিমাপ ছিল গভীরতায় ১ দশমিক ৬ মিটার, দৈর্ঘ্যে ২ মিটার এবং প্রস্থে ৮০ সেন্টিমিটার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে এই নির্দিষ্ট মাপ বজায় রেখেই কবর খুঁড়তে হয়েছে।
প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রবার্ট নাগি ও লাসলো কিশ জুটি। তারা মাত্র ১ ঘণ্টা ২১ মিনিট সময়ে নিখুঁতভাবে এই কবর খনন কাজ সম্পন্ন করেন এবং বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। বিজয়ী দলের জন্য পুরস্কার হিসেবে ২ লাখ হাঙ্গেরিয়ান ফরিন্ট নির্ধারণ করা হয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮ হাজার টাকার সমান।
প্রতিযোগিতার উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে রবার্ট নাগি জানান, এখানে সৌন্দর্যের চেয়ে গতিই মূখ্য বিষয়। তবে তিনি আরও উল্লেখ করেন যে, বাস্তবে দাফনের জন্য কবর খোঁড়ার সময় নির্ধারিত মাপ ঠিক রাখা এবং কবরটি সুন্দরভাবে তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ।








