ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ ২০২৬ রোবটিকস প্রতিযোগিতায় বাংলাদেশ দল
দক্ষিণ কোরিয়ার ইনচিয়নে আগামী ৭-১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ ২০২৬ রোবটিকস প্রতিযোগিতা। বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে এটি বাংলাদেশের দশমবারের মতো অংশগ্রহণ।
প্রকাশ: · ১ মিনিট পড়া

আগামী ৭-১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক রোবটিকস প্রতিযোগিতা 'ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ ২০২৬'। বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে এবারের প্রতিযোগিতায় অংশ নেবে ১৯০টি দেশ। মর্যাদাপূর্ণ এই বিশ্বমঞ্চে বাংলাদেশ দল দশমবারের মতো অংশ নিতে যাচ্ছে।
এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'ইগনাইটিং ইনোভেশন: ফোকাসিং অন ওয়াইল্ডফায়ার প্রিভেনশন, মিটিগেশন অ্যান্ড রিকভারি'। এই প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশ দল দাবানল প্রতিরোধের জন্য একটি শ্যুটার রোবট তৈরি করছে, যা প্রতিযোগিতায় তাদের উদ্ভাবনী দক্ষতার পরিচয় বহন করবে।
বাংলাদেশ দলের এই যাত্রায় স্পন্সর হিসেবে পাশে দাঁড়িয়েছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান। মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং উল্কাসেমি টিম বাংলাদেশের সিলভার স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। এছাড়া পুরো দলটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে দ্য টেক অ্যাকাডেমি।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাওয়া ১৪ সদস্যের দলে রয়েছেন—মাহরুজ মোহাম্মদ আয়মান, মো. মুহতাসাম মুশাররফ শাফি, মো. ইশমাম শাহরুজ চৌধুরী, সুহানা মান্নান, নূরাজ হোসেন, সারিম আহমেদ, নুজহাত জাহান, সন্দীপন কুণ্ডু, মোহাম্মদ শামস জাবের, রায়হান আহমেদ রাহাত, সিফাত সামিয়া ইসলাম, মুহাম্মদ আহসান নাহিয়ান, ফায়েজ আলম রিমন এবং তাহা কাইজার দিসাওয়ালা।
প্রতিযোগিতা নিয়ে দলের সদস্য মোহাম্মদ শামস জাবের বলেন, "ফার্স্ট গ্লোবাল সাধারণ কোনো রোবটিকস প্রতিযোগিতা নয়, এটি বিশ্বের ১৯০টি দেশের রোবটিকসের শিক্ষার্থী ও মেন্টরদের মিলনমেলা। তাই এটি আমাদের তরুণ প্রজন্মের জন্য পারস্পরিক সহযোগিতা, নতুন নতুন জিনিস শেখা এবং গোটা বিশ্বের প্রায় সবগুলো দেশের মানুষের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের দারুণ এক সুযোগ।"
উল্লেখ্য, বৈশ্বিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। এর আগে বাংলাদেশ দল ২০২০ সালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ২০২৪ সালে রৌপ্যপদক লাভ করে। এবারের আসরেও সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে প্রস্তুতি নিচ্ছে পুরো দল।








